ঢাকা | ৩১ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩

ঢাকা | ৩১ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩

বাংলাদেশ-জাপান পিপিপিতে নতুন প্রকল্প

বাংলাদেশ-জাপান পিপিপিতে নতুন প্রকল্প

আঞ্চলিক সংযোগ ও টেকসই বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের এক সভায় বড় অবকাঠামো প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং একাধিক নতুন প্রকল্প অন্তর্ভুক্তির বিষয়ে উভয় দেশ ঐকমত্যে পৌঁছেছে।

বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় প্ল্যাটফর্মের অষ্টম বৈঠক। প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান। জাপানের পক্ষে ছিলেন দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা, ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভূমি-অবকাঠামো-পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার ফুজিতা মাসাকুনি এবং আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রেইকোসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনায় স্থান পায় কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, আউটার রিং রোড এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্পের অগ্রগতি। কমলাপুর হাবের সংশোধিত মাস্টারপ্ল্যান কার্যকর এবং টার্মিনাল-৩-এর অবশিষ্ট চুক্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্নের পাশাপাশি এসব প্রকল্প পিপিপি প্ল্যাটফর্মের অধীনে নিয়মিতভাবে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দক্ষিণাঞ্চলের অর্থনীতি চাঙা করা ও যোগাযোগ সহজ করতে শরীয়তপুর-চাঁদপুর সেতু এবং বরিশাল-ভোলা সেতু প্রকল্প দুটি নতুনভাবে প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং ভোলা-লক্ষ্মীপুর সেতু প্রকল্পের ব্যাপারে টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনার আওতায় দুই পক্ষ যৌথ আগ্রহ প্রকাশ করে। জাপানের কারিগরি সহায়তায় পুরনো রেলওয়ে সেতু পুনর্নবীকরণের প্রস্তাবটিও পর্যালোচনার সিদ্ধান্ত হয়।

পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী বলেন, বাংলাদেশ-জাপান পিপিপি অংশীদারত্ব একটি নির্ভরযোগ্য মাধ্যমে রূপ নিয়েছে, যা মানসম্পন্ন বৈদেশিক বিনিয়োগ টেনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

ত/জু 

আমাদের অংশীজন