শারীরিক কিংবা অন্য কোনও সীমাবদ্ধতা শিশুর স্বপ্ন পূরণে অন্তরায় হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনা বিকশিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইমপ্রেস টেলিফিল্মের আয়োজনে দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশার সংগ্রামী জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনে সাফল্যের প্রধান চাবিকাঠি অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। তাঁর ভাষায়, মনোযোগসহ পড়াশোনা করলে একজন শিক্ষার্থী ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্বশীল পদ—যা-ই স্বপ্ন দেখুক না কেন, তা অর্জন সম্ভব।
তিনি বলেন, আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্য প্রমাণ করে যে দৃঢ় মনোবল থাকলে যে কোনও প্রতিকূলতা জয় করা যায়। তবে এই সাফল্য যেন বিচ্ছিন্ন কোনও ঘটনা না হয়ে থাকে, সে বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি শিশু যেন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যেতে পারে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে কোনও শিশু পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান সুযোগ থাকবে।
অনুষ্ঠানে এসে জানতে পারেন যে প্রধানমন্ত্রী আয়েশাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আয়েশার এই নিয়োগ মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই হাত না থাকা সত্ত্বেও অদম্য মনোবল ও প্রচেষ্টায় জীবনের নানা প্রতিকূলতা জয় করা তরুণী আয়েশার জীবন নিয়েই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’।
ত/জু



