জলবায়ু পরিবর্তনজনিত খরার প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর পত্নীতলা উপজেলার শিহারা ইউনিয়নে “খরাসহিষ্ণু ফলজ ও ফসল চাষাবাদ” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শিহারা ইউনিয়ন পরিষদ হল রুমে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত “এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট)” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে শিহারা ইউনিয়নের মোট ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।
জলবায়ু পরিবর্তন ও খরার বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, কৃষি উৎপাদনশীলতা বাড়ানো এবং জলবায়ু-সহনশীল কৃষি চর্চা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা উন্নয়নই ছিল প্রশিক্ষণের মূল লক্ষ্য।
প্রশিক্ষণে উপযুক্ত খরাসহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, আধুনিক চাষ পদ্ধতি, মাটি ও পানি ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, পোকামাকড় ও রোগবালাই দমন এবং জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি পরিবেশবান্ধব মাটির উর্বরতা ব্যবস্থাপনা পদ্ধতি হিসেবে ভার্মিকম্পোস্ট উৎপাদন ও ব্যবহার সম্পর্কেও কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন শিহারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. তফজ্জল হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি জলবায়ুজনিত ঝুঁকি কমাতে খরাসহিষ্ণু কৃষি প্রযুক্তি গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী কৃষকদের বাস্তবভিত্তিক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন পত্নীতলা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব মহাইমিনুল ইসলাম; ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মো. সেলিহান আলম এবং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার জনাব মো. শোহেল রানা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা অর্জিত জ্ঞান ও প্রযুক্তি নিজেদের কৃষিকাজে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন। এই প্রশিক্ষণ কৃষকদের জলবায়ু পরিবর্তন ও খরাজনিত ঝুঁকি মোকাবিলায় সক্ষম করে তুলবে এবং এলাকায় টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি চর্চাকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
“জলবায়ু ঝুঁকি হ্রাস করে সহনশীল কৃষি গড়ে তোলাই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।”
ত/জু



