ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করলেন ইউনিভার্সিটি অব বাথের দুই শিক্ষাবিদ; আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের দুই শিক্ষাবিদ ঠাকুরগাঁওয়ের ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউস্ট) পরিদর্শন করেছেন। সফরে ক্যাম্পাস ও শিক্ষাসংক্রান্ত সুবিধা ঘুরে দেখেন তাঁরা।
প্রতিনিধি দলে ছিলেন ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস-চ্যান্সেলর ও অধ্যাপক জোসেফ ডেভাইন এবং বিভাগের উপপ্রধান ও সহযোগী অধ্যাপক ড. মাতিল্ড রোজ লুইস মাত্রো।
অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান। এ সময় ইউস্টের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সফরে প্রতিনিধি দল ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইকো ইনস্টিটিউট অব টেকনোলজির (ইআইটি) ব্যবহারিক প্রশিক্ষণ ল্যাবরেটরিসহ একাডেমিক ও কারিগরি সুবিধা পরিদর্শন করেন। শিক্ষার উন্নয়ন, কারিগরি দক্ষতা, উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিয়ে তাঁরা মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, এই সফর একাডেমিক সংলাপ, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যতে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র খুঁজে দেখার একটি মূল্যবান সুযোগ তৈরি করেছে। ইউস্ট মানসম্মত শিক্ষা, ব্যবহারিক শিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক একাডেমিক যোগাযোগ বাড়িয়ে আগামী প্রজন্মের দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়টি অতিথিদের মূল্যবান সফর ও শিক্ষা-উদ্যোগে আগ্রহের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।
ত/জু



