রাঙামাটিতে তিন দিনের প্রশিক্ষণে অংশ নিলেন ৩৫ জন সাংবাদিক। বিষয় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার। অর্থাৎ তথ্য মানুষের কাছে পৌঁছানোর আগে তার নির্ভরযোগ্যতা কীভাবে যাচাই করা যায়—এই প্রশ্নগুলোকে সামনে রেখে এই প্রশিক্ষণের আযোজন।
জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প BALLOT-এর আওতায় ইউনেস্কো ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই ও সাংবাদিক নিরাপত্তা নিয়ে হাতে-কলমে কাজ করেন অংশগ্রহণকারীরা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে এই দক্ষতা পেশাদার প্রতিবেদন তৈরিতে সহায়ক হবে বলে মনে করছে ইউনেস্কো।
প্রশিক্ষণের বাইরে রাঙামাটি ও বান্দরবানের স্থানীয় প্রশাসন, প্রথাগত নেতৃত্ব ও প্রেসক্লাবগুলোর সঙ্গেও মতবিনিময় করে ইউনেস্কো প্রতিনিধিদল।
আলোচনায় উঠে আসে শিক্ষক উন্নয়ন, মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও স্থানীয় গণমাধ্যমকে সহায়তার বিষয়গুলো, যা নিয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।



