ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে সংরক্ষণ, আধুনিক নকশা ও বাজারব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং স্থানীয় কারুশিল্পীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী মৃৎশিল্প কর্মশালা। আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার লোকায়ন প্রাঙ্গণে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) ও ন্যাশনাল ক্রাফটস কাউন্সিল অব বাংলাদেশ (NCCB), ঢাকার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই কর্মশালায় অংশগ্রহণ করবেন সমতলের পাল সম্প্রদায়ের নির্বাচিত ৩০ জন মৃৎশিল্পী। কর্মশালায় উপস্থিত থেকে দেশবরেণ্য ডিজাইনার চন্দ্র শেখর সাহা মৃৎশিল্পীদের সঙ্গে নকশা, পণ্য উন্নয়ন এবং আধুনিক চাহিদাভিত্তিক মৃৎপণ্য তৈরির বিষয়ে মতবিনিময় করবেন।
আয়োজকরা জানান, বাংলাদেশের গ্রামীণ জীবন, লোকঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মৃৎশিল্পের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তবে আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী এই শিল্পের অনেক ক্ষেত্রেই সংকট তৈরি হয়েছে। তাই প্রাচীন ঐতিহ্য ও কারিগরি দক্ষতাকে ধরে রেখে নতুন প্রজন্মের রুচি ও পর্যটন বাজারের উপযোগী পণ্য তৈরির মাধ্যমে মৃৎশিল্পকে নতুনভাবে বিকশিত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মশালায় ঐতিহ্যবাহী মৃৎশিল্পের পাশাপাশি আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য, নান্দনিকতা, ব্যবহারিক উপযোগিতা এবং বাজারজাতকরণের বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে স্থানীয় মৃৎশিল্পীদের উৎপাদিত পণ্যকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন বাজারের সঙ্গে সংযুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজমের সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রেও এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকৃতি, জীববৈচিত্র্য, লোকসংস্কৃতি ও স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে যুক্ত করে লোকায়নকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। পর্যটকদের জন্য স্থানীয় কারুশিল্পীদের সরাসরি মৃৎপণ্য তৈরির প্রক্রিয়া দেখার সুযোগ তৈরি হলে এটি অভিজ্ঞতাভিত্তিক পর্যটনেরও নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংরক্ষণ সম্ভব, তেমনি স্থানীয় কারুশিল্পীদের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী ও তরুণদের সম্পৃক্ততা এবং পর্যটনকেন্দ্রিক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির ক্ষেত্রও সম্প্রসারিত হতে পারে।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর দীর্ঘদিন ধরে দেশের লোকজ সংস্কৃতি, কৃষি, জীববৈচিত্র্য ও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে কাজ করে আসছে। মৃৎশিল্প কর্মশালার মাধ্যমে এই কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি লোকায়নকে ঘিরে স্থানীয় ঐতিহ্যনির্ভর ইকো-ট্যুরিজম বিকাশের সম্ভাবনাও আরও জোরালো হবে বলে আশা করছেন আয়োজকরা।
ত/জু



