গতকাল বাংলাদেশে ইউনিসেফের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি গিলিয়ান মেলসপ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আওয়াল মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় আরও জোরালো পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় উঠে আসে উদ্বেগজনক তথ্য—বাংলাদেশে বর্তমানে ৫ কোটি ৮৮ লাখ শিশু অন্তত একটি জলবায়ুজনিত ঝুঁকির মুখোমুখি রয়েছে। এমনকি প্রতি ১০ জন শিশুর মধ্যে প্রায় ৯ জনই তিনটি বা তার বেশি জলবায়ুজনিত ঝুঁকির সম্মুখীন।
এই বাস্তবতা মোকাবিলায় ইউনিসেফ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। এই লক্ষ্যে যেসব ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে তা হলো—
সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশু ও এলাকাগুলোকে চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় জলবায়ু বিনিয়োগ নিশ্চিতকরণ
জলবায়ু সংক্রান্ত নীতি নির্ধারণ ও বিভিন্ন আলোচনায় শিশু ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি
জলবায়ু ও পরিবেশবিষয়ক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বিদ্যালয়গুলোকে দুর্যোগ মোকাবিলায় আরও উপযোগী করে তোলা
শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সৌরশক্তিচালিত ও জলবায়ু-সহনশীল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ
এই সাক্ষাৎ শেষে উভয়পক্ষ মন্তব্য করেন, সকলের এই সম্মিলিত উদ্যোগই পারে প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে।
ত/জু



