বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই ও শ্রমিকবান্ধব উৎপাদন ব্যবস্থার অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করলো অস্ট্রেলিয়া সরকারের একটি প্রতিনিধি দল। গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে “বেটার ওয়ার্ক বাংলাদেশ” (BWB) এই প্রতিনিধি দলকে স্বাগত জানায়।
প্রতিনিধি দলে ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন, সেকেন্ড সেক্রেটারি (অর্থনৈতিক) জশ গাকুতান এবং ট্রেড অ্যান্ড ইকোনমিক ম্যানেজার শাহতাজ মাহমুদ। প্রতিনিধিরা গাজীপুরে অবস্থিত একটি বিশেষায়িত টিয়ার-২ পোশাক (প্রিন্টিং ও ডাইং) কারখানা পরিদর্শন করেন, যেখানে অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত উল ও তুলা ব্যবহৃত হয়ে থাকে।
সফরকালে প্রতিনিধি দল কারখানার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং বিকেএমইএ (BKMEA)-এর আয়োজনে পরিচালিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন। এছাড়া কারখানা ব্যবস্থাপনার পক্ষ থেকে শ্রম সম্মতি, পরিবেশগত টেকসইতা এবং সামাজিক সংলাপ কীভাবে দৈনন্দিন কার্যক্রম ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তা তুলে ধরা হয়।
এই পরিদর্শন অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (DFAT) এবং বেটার ওয়ার্ক বাংলাদেশের মধ্যকার দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের একটি প্রতিফলন। DFAT-এর অর্থায়নে পরিচালিত এই কর্মসূচি বিজিএমইএ (BGMEA) ও বিকেএমইএ (BKMEA)-এর মতো শিল্প সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে, যা জাতীয় পর্যায়ে স্টেকহোল্ডারদের দীর্ঘমেয়াদি ও টেকসই রূপান্তর প্রক্রিয়া পরিচালনায় সক্ষম করে তুলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের সফর বাংলাদেশের পোশাক শিল্পে আন্তর্জাতিক ক্রেতা ও অংশীদারদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একইসঙ্গে শ্রমমান ও পরিবেশগত টেকসইতা নিশ্চিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
ত/জু



