পটুয়াখালীতে জলবায়ু ন্যায্যতায় তরুণদের জাগরণ

জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বকে উৎসাহিত করার লক্ষ্যে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগীয় ‘তারুণ্য উৎসব’। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এ উৎসব হয়।

এনএসএস ও জাগোনারীর আয়োজনে অনুষ্ঠিত উৎসবে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার GETCA প্রকল্পের সকল স্টাফ, তিন জেলার ৭৫ জন তরুণ-তরুণী, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজমেন্টসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিক সাহা। সভাপতিত্ব করেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।

উৎসবে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলা, জলবায়ু অভিযোজন, জেন্ডার সমতা এবং জলবায়ু কার্যক্রমে তরুণ ও নারীদের অর্থবহ অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির ব্যবহার এবং নেতৃত্বের মাধ্যমে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ ও সম্ভাবনা তুলে ধরা হয়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল প্যানেল আলোচনা, গণনাট্য এবং তরুণদের অংশগ্রহণে জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা বিষয়ক আইডিয়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলাভিত্তিক বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

আয়োজকরা মনে করেন, তরুণদের উদ্ভাবনী শক্তি, নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং সকলের সম্মিলিত উদ্যোগই পারে জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতার ভিত্তিতে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন