মাঝিরঘাটে ইয়ার্ডে রাখা দুই বগি পুড়ল, নেশাগ্রস্তদের কাজ সন্দেহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর।
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট-বাংলাবাজার এলাকায় এসআরভি স্টেশন সংলগ্ন ইয়ার্ডে রাখা রেলের দুটি পরিত্যক্ত বগিতে আগুন লেগেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সদরঘাট থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনেম বিল্লাহ জানান, বিকেল ৫টা ৪৭ মিনিটে আগুনের খবর পেয়ে তাঁর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, বগি দুটির ভেতরে তেমন আসবাব না থাকায় ক্ষতির পরিমাণ সীমিত ছিল। আগুনে একটি বগি আংশিক পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পরই জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এসআরভি স্টেশন ফাঁড়ির ইনচার্জ নরেশ চন্দ্র মজুমদার জানান, রেলের অব্যবহৃত বগিগুলো মূলত এই ইয়ার্ডেই এনে রাখা হয়। তবে ইয়ার্ডের চারদিক খোলা ও উন্মুক্ত থাকায় দিনে-রাতে সেখানে বখাটেদের আড্ডা বসে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে আমাদের ধারণা, কোনো নেশাগ্রস্ত ব্যক্তি বা বখাটে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে।” বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।
ত/জু



