প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। ৯ অক্টোবর ২০২৬ দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বার্ড।
কর্মসূচির অংশ হিসেবে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
পল্লী উন্নয়নবিষয়ক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সফল নেতৃত্বের জন্য ড. খান বিশ্বজুড়ে সমাদৃত। বিশেষ করে পল্লী উন্নয়নের কার্যকর মডেল উদ্ভাবনে তাঁর অবদান আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ষাটের দশকে তাঁর নেতৃত্বে উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’-এর মাধ্যমেই বার্ড বিশ্বখ্যাতি অর্জন করে।
১৯১৪ সালের ১৫ জুলাই ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন আখতার হামিদ খান। ১৯৩৪ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি অর্জনের পর তিনি ব্রিটিশ ভারতের মর্যাদাপূর্ণ ইম্পেরিয়াল সিভিল সার্ভিসে (আইসিএস) যোগ দেন। শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে ১৯৩৬-৩৮ সালে তিনি ইংল্যান্ডের কেমব্রিজের ম্যাগডালেন কলেজে শিক্ষা গ্রহণ করেন।
১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ মোকাবিলায় ঔপনিবেশিক প্রশাসনের অমানবিক মনোভাবের প্রতিবাদে ১৯৪৪ সালে তিনি আইসিএস-এর চাকরি থেকে পদত্যাগ করেন। এরপর ভারতের আলীগড়ের একটি গ্রামে শ্রমিক ও তালা মেরামতকারী হিসেবে কাজ শুরু করেন এবং দুই বছর পর তা ছেড়ে দেন। ১৯৪৭ সাল থেকে তিন বছর দিল্লির ‘জামিয়া মিল্লিয়া’ প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
১৯৫০ সালে তিনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। ১৯৫৪-৫৫ সালে পূর্ব পাকিস্তান সরকারের ‘ভি-এইড’ কর্মসূচির পরিচালক হিসেবে ডেপুটেশনে নিয়োজিত ছিলেন। ১৯৫৮ সালে পল্লী উন্নয়নবিষয়ক অভিজ্ঞতা অর্জনে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে ফিরে তৎকালীন পাকিস্তান পল্লী উন্নয়ন একাডেমির (বর্তমান বার্ড) প্রথম প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন। পরবর্তীতে একাডেমির পরিচালনা পর্ষদের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।
পল্লী উন্নয়নের এই পুরোধা ব্যক্তিত্ব ১৯৯৯ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন।
ত/জু



