কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি; নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান, সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স। কন্যাশিশুর জন্ম কোনো বোঝা নয়, বরং অফুরন্ত সম্ভাবনার সূচনা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবার, সমাজ ও অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।
সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত সব জায়গায় কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব।
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি। তিনি জানান, এসব অপরাধের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে।
সহিংসতা প্রতিরোধে পরিবার ও অভিভাবকদের ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রপতি কুমিল্লার একটি ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, একটি মেয়ে তিন-চার দিন ধরে বাড়িতে নেই, এমন পরিস্থিতিতে অভিভাবকদেরও আরও সচেতন থাকা প্রয়োজন। তাঁর মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের তাদের চলাফেরা, অবস্থান ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখতে হবে। একই সঙ্গে সামাজিকভাবেও শিশুদের সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, কন্যাশিশুর ভবিষ্যৎ শুধু তার নিজের জীবনের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশের অগ্রযাত্রা। তাই কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তাদের এগিয়ে যাওয়ার পথ সহজ করে দেওয়া একটি মানবিক সমাজের দায়িত্ব।
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা পালনের প্রয়োজনীয়তার কথা বলেন।
ত/জু



