মাদকমুক্ত আগামীর পথে বগুড়ার শিক্ষার্থীরা

বগুড়ায় প্রশিকার উদ্যোগে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা; প্রধান অতিথি সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা’। ১২ অক্টোবর ২০২৬, সোমবার প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বগুড়া জোনের উদ্যোগে নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ. এস. দীন মুহম্মদ এবং প্রশিকার পরিচালক রিজওয়ানুস শামীম রাজীব।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রশিকার মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচির প্রধান প্রদীপ কুমার বিশ্বাস, কেন্দ্রীয় ব্যবস্থাপক মো. হারুন-অর-রশিদ এবং কর্মসূচির সদস্য আব্দুর রহিম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নুর হোদা। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল গফুর ফকির।

সভায় বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী ও সব শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। আলোচনায় মাদকাসক্তির ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের করণীয় তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা এ ধরনের সময়োপযোগী ও জনসচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজকরা বিশ্বাস করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মাদকমুক্ত পরিবার, মাদকমুক্ত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন