পরিবেশ সংরক্ষণে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা অর্জন; মুকিত মজুমদার বাবু ও মনির হোসেনকে গাজীপুরে সংবর্ধনা। পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো পরিবেশ বিষয়ে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেছেন ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এ উপলক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ইনশা অ্যাগ্রো ফার্ম অ্যান্ড রিসার্চ সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রহমান খোকন। সম্মানিত অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন এবং ইনশা অ্যাগ্রো ফার্ম অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসরাফিল হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৬’ অর্জন করায় মো. মনির হোসেনকেও সংবর্ধনা দেওয়া হয়।
আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত সামাজিক উদ্যোগ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন।
আয়োজক প্রতিষ্ঠানগুলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের টেকসই ও পরিবেশবান্ধব ভাবনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তাদের এই যৌথ প্রচেষ্টা একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় পরিবেশবাদী সংগঠন, বিশিষ্ট লেখক, কবি, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গুণীজনের উপস্থিতিতে পুরো আয়োজন একটি মিলনমেলায় পরিণত হয়।
ত/জু



