দুর্যোগ মোকাবিলায় ঘরে ঘরে প্রস্তুতির ডাক

আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবসে কারিতাস বাংলাদেশ; ৩০ বছরে ১৬ লাখ ৬০ হাজার মানুষের কাছে পৌঁছেছে দুর্যোগ প্রস্তুতির কার্যক্রম। আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে কারিতাস বাংলাদেশ। সংস্থাটির মতে, নিরাপদ ও প্রস্তুত একটি ঘরই দুর্যোগের বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা।

গত ৫৬ বছর ধরে কারিতাস বাংলাদেশ পরিবারগুলোর পাশে থেকে দুর্যোগ-সহনশীল আশ্রয় ও শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার কাজ করছে। সংস্থাটি জানায়, গত তিন দশকে তাদের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন কার্যক্রম ৫৪টি জেলার ১৬৭টি উপজেলা ও ২৮৮টি ইউনিয়নের ৩ লাখ ৩৩ হাজারের বেশি পরিবারের ১৬ লাখ ৬০ হাজার মানুষের কাছে পৌঁছেছে।

এই সময়ে ৫৪৯টি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করা হয়েছে এবং ২ হাজার ৭৪৯ জন কমিউনিটি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রস্তুতিকে বাস্তব চর্চায় রূপ দিতে তৈরি হয়েছে ৩ হাজারের বেশি কমিউনিটি ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা এবং পরিচালিত হয়েছে ৫০০টির বেশি মহড়া।

স্থানীয় মানুষের সঙ্গে মিলে ২১১টি কমিউনিটি ঝুঁকি হ্রাস প্রকল্প ও ২৪৪টি প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া স্থায়ী সহনশীলতা গড়তে ১ লাখ ৩২ হাজারের বেশি পরিবারকে জলবায়ু-সহনশীল কৃষি ও আর্থিক অন্তর্ভুক্তির সহায়তা দেওয়া হয়েছে।

কারিতাস বাংলাদেশ বলছে, সহনশীলতা গড়ে ওঠে একটি ঘর, একটি পরিবার ও একটি কমিউনিটির মাধ্যমে। দুর্যোগের আগে, দুর্যোগের সময় এবং পরে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে। পরবর্তী দুর্যোগ আঘাত হানার আগেই প্রতিটি ঘরকে নিরাপদ করতে সংস্থাটি সবাইকে তাদের উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন