‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সক্রিয় অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হয়।
দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শহর প্রদক্ষিণ করে র্যালিটি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. সাহেদুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. শাহজাহান মিয়া, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, ইএসডিওর প্রতিনিধি মো. শামীম হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরাও অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। দুর্যোগ মোকাবিলায় পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে করণীয় নিয়েও তাঁরা আলোচনা করেন ও পরামর্শ দেন। প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ ও পূর্বপ্রস্তুতি নেওয়া এবং দুর্যোগকালীন জরুরি করণীয় সম্পর্কে সবাইকে স্পষ্ট ধারণা দেওয়া হয়।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা, দুর্যোগের সময় নিজেকে রক্ষা এবং জানমালের ক্ষতি কমিয়ে আনার কৌশল প্রদর্শন করা হয়।
ত/জু



