হুইলচেয়ারে ইউনূস, ঘিরে ধরল বিক্ষোভকারীরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঘটনার পর তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক এবং ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে ড. ইউনূসের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে লামিয়া লেখেন, বিমানবন্দরে ওই ঘটনার কয়েক মিনিট আগে ছবিগুলো তোলা হয়েছে। পুরো যাত্রাজুড়ে ড. ইউনূসের প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা অটুট ছিল বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, ঘটনাটি বিক্ষোভকারীদের চরম বর্বরতা ও অসহায়ত্বই প্রকাশ করেছে, এতে ড. ইউনূসের কোনো ক্ষতি হয়নি। পাশাপাশি সমর্থন জানিয়ে বার্তা পাঠানো বন্ধুদের তিনি ধন্যবাদ জানান।

এর আগে স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে জেএফকে বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বেরিয়ে আসার সময় কয়েকজন ব্যক্তি ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেন। তখন লাগেজ হাতে তাঁর পাশেই ছিলেন লামিয়া মোরশেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে এসে কয়েকজন উচ্চকণ্ঠে স্লোগান দিচ্ছেন ও ক্ষোভ প্রকাশ করছেন। তাঁদের ‘ইউ আর আ টেররিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়। বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন এবং দেশ ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও নানা স্লোগান দেন।

ভিডিওতে আরও দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীর মধ্যে ড. ইউনূস শান্ত ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ জানাতে থাকেন।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন