কক্সবাজারে আইএলওর তিন দিনের প্রশিক্ষণ; নারী শ্রমিক ও ইউনিয়ন নেতাদের নেতৃত্ব, শ্রম অধিকার ও সংগঠিত করার দক্ষতা বৃদ্ধি।
ট্রেড ইউনিয়নে নারীর নেতৃত্ব জোরদার করতে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে তিন দিনের প্রশিক্ষণ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘আইসেক’ (ISEC) প্রকল্পের আওতায় ১০ থেকে ১২ অক্টোবর ২০২৬ আয়োজিত ‘ট্রেনিং অন উইমেনস লিডারশিপ ইন ট্রেড ইউনিয়ন্স’-এ নারী ট্রেড ইউনিয়ন নেতা ও শ্রমিকরা অংশ নেন।
আলোচনাভিত্তিক সেশন, মাঠ পরিদর্শন ও প্রচারণা পরিকল্পনার অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা, শ্রম অধিকার, নেতৃত্ব, অ্যাডভোকেসি এবং কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের সংগঠিত করার বিষয়ে জ্ঞান বাড়িয়েছেন।
আইএলও-আইসেক প্রকল্পের প্রজেক্ট অফিস প্রধান রুচিকা বাহল বলেন, “কর্মক্ষেত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য এবং সব শ্রমিকের চাহিদার প্রতি সংবেদনশীল করতে ট্রেড ইউনিয়নে নারীর নেতৃত্ব অপরিহার্য। নারীরা যখন নেতৃত্ব দেন, তখন শক্তিশালী সংগঠন ও শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠে।”
প্রশিক্ষণে অংশ নেওয়া রুমানা ইফফাত নুরী বলেন, “আমি একটি বিউটি পার্লার চালাই, যেখানে তিনজন নারী কাজ করেন। এই প্রশিক্ষণের আগে নিজেকে কখনো নেতা হিসেবে ভাবিনি। আজ আমি ক্ষমতায়িত বোধ করছি। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আমি আরও ভালো উদ্যোক্তা হব, নারী শ্রমিকদের পক্ষে কথা বলব এবং অন্য নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসতে অনুপ্রাণিত করব।”
আইসেক প্রকল্পে অর্থায়ন করছে ঢাকায় কানাডার হাইকমিশন। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে কক্সবাজারে নারীদের পরিবর্তনের কারিগর এবং শোভন কাজের প্রবক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করা হচ্ছে।
ত/জু



