সৌরবিদ্যুতে ৫০০ কোটি টাকার ঋণ-উদ্যোগ

অর্থ বিভাগ ও পিকেএসএফের চুক্তি স্বাক্ষর; ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় ৬ শতাংশ সুদে গ্রাহক পর্যায়ে ঋণ পাবেন সৌরবিদ্যুৎ ব্যবহারকারীরা। দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ চুক্তির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহজ শর্তে অর্থায়নের নতুন পথ খুলল।

গত ১৩ অক্টোবর ২০২৬ অর্থ বিভাগের পক্ষে যুগ্মসচিব মোছা. নাজনীন সুলতানা এবং পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় পিকেএসএফ তার সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। এ লক্ষ্যে ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’ নামে একটি বিশেষায়িত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে ঋণ বিতরণের ফলে সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী মানুষের কাছে অর্থায়ন পৌঁছানো সহজ হবে বলে আশা করা হচ্ছে।

কর্মসূচির মূল উদ্দেশ্য সৌরবিদ্যুৎ স্থাপনে অর্থায়ন সহজ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করা। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎসের ব্যবহার বাড়বে এবং জ্বালানি খাতে নির্ভরতার ক্ষেত্র বৈচিত্র্যময় হবে।

সংশ্লিষ্টরা জানান, পিকেএসএফের এই উদ্যোগ পরিবেশবান্ধব জ্বালানির প্রসারে ভূমিকা রাখবে। একই সঙ্গে টেকসই উন্নয়নে বেসরকারি পর্যায়ের অংশগ্রহণ বাড়াতেও এটি সহায়ক হবে। সরকারি তহবিল ও পিকেএসএফের নেটওয়ার্ক একসঙ্গে কাজে লাগিয়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণই এ উদ্যোগের লক্ষ্য।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন