ফুলছড়িতে দুর্যোগের নিরাপদ আশ্রয় উদ্বোধন

গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র উদ্বোধন; স্বাভাবিক সময়েও ব্যবহার করা যাবে সামাজিক ও শিক্ষামূলক কাজে।

দুর্যোগকালীন মানুষের জীবন ও সম্পদ রক্ষা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধার ফুলছড়িতে নবনির্মিত বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) উদ্যোগে নির্মিত এ আশ্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

জিইউকের নির্বাহী প্রধান এম. আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং সংস্থার ব্যবস্থাপনা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আশ্রয়কেন্দ্রটি দুর্যোগের সময় বিপদাপন্ন মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করবে। স্বাভাবিক সময়ে এটি স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগ দেবে। তাঁদের ভাষ্য, এটি শুধু একটি আশ্রয়কেন্দ্র নয়, বরং দুর্যোগপ্রবণ জনপদের মানুষের নিরাপত্তা, মর্যাদা, আস্থা ও ভবিষ্যৎ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

জিইউকে বিশ্বাস করে, দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্থানীয় মানুষের সক্ষমতা বৃদ্ধি, সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন