প্রজনন স্বাস্থ্যে নতুন দিগন্তের আহ্বান

যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) এবং পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন ও অর্থায়ন নিশ্চিতকরণে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেছেন দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদগণ। এক বিশেষ আলোচনা সভায় বক্তারা এ খাতের সুযোগ বৃদ্ধি, বাজেট বরাদ্দ এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

‘সেয়ারাক-বাংলাদেশ’ (SERAC-Bangladesh)-এর প্রোগ্রাম ম্যানেজার সংগীতা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেশনে বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন ঝপাইগোর (Jhpiego) সাবেক কান্ট্রি লিড ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জেবুন নেসা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ বিশেষজ্ঞ ড. ফাতেমা শবনম এবং বাংলাদেশ মেডিকেল কলেজের (BMC) স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেহেরেন এফ সিদ্দিকা।

আলোচনায় বক্তারা স্বাস্থ্যসেবা প্রদান পদ্ধতির সার্বিক উন্নতির জন্য নিয়মিত গবেষণা ও নতুন জ্ঞান তৈরির তাগিদ দেন। বিশেষ করে নারী স্বাস্থ্যের অন্যতম উদীয়মান সমস্যা ‘পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম’ (PCOS), সার্বিক প্রজনন স্বাস্থ্য এবং প্রদেয় চিকিৎসা সেবা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। এছাড়া বিদ্যমান সরকারি ও সামাজিক সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহারের পরামর্শ দেন বিজ্ঞ প্যানেলিস্টগণ।

সংকট সমাধানে তরুণ সমাজকে যুক্ত করার বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হয়। সভায় বক্তারা উল্লেখ করেন, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে তরুণদের প্ল্যাটফর্মগুলোকে আরও শক্তিশালী করতে হবে। তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ-সংবেদনশীল সেবা প্রদান ব্যবস্থার আওতায় আনাই হতে পারে এই খাতের টেকসই অগ্রগতির মূল চাবিকাঠি।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন