সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়; আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি সরকার।
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাঁকে ডেকে নিয়ে দুই বাংলাদেশির শিরশ্ছেদ ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করে। তাঁরা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, এ বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। তবে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। তিনি ঘটনাটিকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ের তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন ওই দুজন। সৌদি আইনে এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এবং সে অনুযায়ী দেশটির আদালত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না।
শামা ওবায়েদ আরও বলেন, সৌদি আরবের জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত তথ্য জানা যাবে। একই সঙ্গে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
ত/জু



