পরিবেশ সুরক্ষা ও সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজন করে আসছে ‘প্রকৃতি মেলা’। ২০১২ সাল থেকে প্রতিবছর আয়োজিত এই মেলা প্রকৃতির রূপ-রস-গন্ধ ও লোকজ ঐতিহ্যকে নতুন করে উপলব্ধি করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করছে।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ২০০৯ সালে ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয়। জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র, পরিবেশ ও জলবায়ু অভিযোজন নিয়ে জনসচেতনতা তৈরিই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
সব বয়সের প্রকৃতিপ্রেমীদের জন্য মেলায় থাকে পরিবেশবান্ধব পণ্যের প্রদর্শনী, ঐতিহ্যবাহী রান্না, প্রকৃতিভিত্তিক গান, নৃত্য, গম্ভীরা, কবিগান, পটের গান, প্যাঁচার পাঁচালী, ক্যারেক্টার শো ও আবৃত্তি। এসব আয়োজন পরিবেশের বার্তাকে বিনোদন ও শিক্ষার সঙ্গে মিশিয়ে দর্শনার্থীদের কাছে পৌঁছে দেয়।
মেলায় বৃক্ষরোপণ কর্মসূচি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের আলোকচিত্র প্রদর্শনী, সামুদ্রিক মাছ ও প্রজাপতির প্রদর্শনী, বার্ড ট্যাক্সিডার্মি এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজনও থাকে। এসব কার্যক্রম শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবাইকে প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ তৈরিতে উৎসাহিত করে।
পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মেলায় একজন পরিবেশকর্মীকে আজীবন সম্মাননা এবং ‘সেভ নেচার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানের জন্য ‘প্রকৃতি সংরক্ষণ পদক’ প্রদান করে আসছে।
এ আয়োজন শুধু বিনোদনমূলক মেলা নয়; এটি প্রকৃতির সুষম ভারসাম্য রক্ষায় নিজে সচেতন হওয়া এবং অন্যকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
ত/জু



