মানুষ, প্রাণী ও পরিবেশের সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা বা One Health বিষয়ে কাজ করা তরুণদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কাজ তুলে ধরার সুযোগ তৈরি করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।
"ওয়ান হেলথ" (One Health) হলো এমন একটি সমন্বিত ব্যবস্থা যা মানুষ, প্রাণী (গৃহপালিত ও বন্য) এবং পরিবেশের সুস্বাস্থ্য নিশ্চিত করে। এটি মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ককে স্বীকার করে এবং বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার জন্য বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের একত্রে কাজ করার ওপর জোর দেয়।
FAO ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের কাছ থেকে দুই মিনিটের সংক্ষিপ্ত ভিডিও আহ্বান করেছে। যেখানে তারা তুলে ধরতে পারবেন কীভাবে তাদের গবেষণা, পেশাগত কাজ বা উদ্যোগ One Health ধারণাকে বাস্তবে এগিয়ে নিচ্ছে। নির্বাচিত ভিডিওগুলো ইতালির রোমে আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য Global Conference for Actions on One Health in Agrifood Systems-এ প্রদর্শিত হবে।
আবেদনকারীদের One Health–সম্পর্কিত কোনো কাজ, গবেষণা বা পেশাগত সম্পৃক্ততা থাকতে হবে। ভিডিওতে তারা One Health নিয়ে কাজ শুরু করার অনুপ্রেরণা, তাদের কাজের প্রভাব এবং এ খাতকে আরও শক্তিশালী করতে নীতিনির্ধারকদের উদ্দেশ্যে একটি বার্তা তুলে ধরতে পারবেন।
বিশেষ করে ভেটেরিনারি মেডিসিন, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, পরিবেশবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, এপিডেমিওলজি, One Health এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বিষয়ে কাজ করা শিক্ষার্থী ও তরুণ গবেষকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আবেদনের শেষ সময় ১ আগস্ট ২০২৬।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশে One Health–ভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের তরুণ গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের সাফল্য ও সক্ষমতা আরও দৃশ্যমান হবে।



