শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পুরো পানামা

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিভিন্ন এলাকায় বাড়িঘর, গির্জা ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হওয়ায় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তা ও খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টার ঠিক আগে (বাংলাদেশ সময় রাত ১২টা) ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-মধ্য পানামার পিতালোযা আরিবা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার। সাধারণত উৎপত্তিস্থল যত অগভীর হয়, ভূপৃষ্ঠে এর প্রভাব তত বেশি হওয়ার আশঙ্কা থাকে। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রায় ৪৬ লাখ মানুষ এই কম্পন অনুভব করেছেন এবং এর প্রভাব ব্যাপক হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে পেনোনোমে ও সোনা শহরের কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে। এর একটিতে এক ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন কি না, তা জানতে চিৎকার করতে দেখা যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণাঞ্চলীয় হেরেরা প্রদেশের বাসিন্দা রিকার্দো ব্রাউন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, লাস মিনাস এলাকার আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “আমরা ভয় পেয়েছি। এখানে আমরা দুজন বয়স্ক মানুষ আছি। বাড়িতে ফাটল ধরেছে। এটি আমাদের ওপর ভেঙে পড়তে পারে—এ নিয়ে আমরা ভয় পাচ্ছি।”

কেন্দ্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের রাজধানী পানামা সিটিতেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। সেখানে বিভিন্ন ভবন থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়। অনেককে রাস্তা ও আশপাশের পার্কে অবস্থান করতে দেখা গেছে। কম্পন থামার পরও তাঁরা কিছু সময় ঘরের বাইরেই ছিলেন।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেছেন, ভূমিকম্প মোকাবিলায় পুরো সরকারব্যবস্থা সক্রিয় হয়েছে। তিনি বলেন, যা ঘটেছে তা নিয়ে আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়।

ভূমিকম্পের পর পানামার প্রতিবেশী ১১টি দেশের উপকূলে প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়। পরে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানায়, সুনামির কোনো হুমকি নেই। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ নৌপথ পানামা খালও ক্ষতিগ্রস্ত হয়নি বলে খালের নৌযান চলাচল তদারককারী কর্তৃপক্ষ জানিয়েছে।

ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। মূল কম্পনের পর কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন