আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ অর্থায়নে মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপ’ চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ লন্ডন। এই কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী ৫০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বৃত্তি সহায়তায় পিএইচডি সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে।
বৃত্তিপ্রাপ্তদের জন্য পুরো গবেষণা মেয়াদে টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহে বছরে ২৭ হাজার পাউন্ডের বেশি উপবৃত্তি প্রদান করা হবে। এছাড়া গবেষণাকাজে ব্যয় নির্বাহের জন্য প্রতিবছর অতিরিক্ত তহবিল সুবিধা এবং গ্র্যাজুয়েট স্কুলের বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগও থাকছে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে অনলাইনে নির্দিষ্ট পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগের নির্ধারিত একাডেমিক যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
২০২৬ সালের এই বৃত্তি কর্মসূচির জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ নভেম্বর। এ কারণে আগ্রহী শিক্ষার্থীদের যথাসম্ভব দ্রুত প্রস্তুতি নিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ত/জু



