যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্কে গিয়ে পৌঁছান বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
জাতিসংঘের এই উচ্চপর্যায়ের সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠকে বসার কথা রয়েছে আরাগচির।
এই ধারাবাহিকতায় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। এরপর বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার, যেখানে বৈশ্বিক নানা ইস্যুতে তেহরানের অবস্থান স্পষ্ট করবেন তিনি। ভাষণের পাশাপাশি একাধিক রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন পেজেশকিয়ান।
তবে প্রেসিডেন্টের এই সফরের আগেই একটি বিতর্ক তৈরি হয়েছে। আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ানের সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের একাধিক সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। ভিসাবঞ্চিতদের মধ্যে প্রেসিডেন্টের গণমাধ্যম সহযোগী দলের সদস্যরাও রয়েছেন বলে জানানো হয়েছে। তেহরান এই সিদ্ধান্তকে ওয়াশিংটনের ‘বৈরী মনোভাবের’ বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে।
এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব, যেখানে বিশ্বনেতারা বৈশ্বিক সংকট ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে মতবিনিময় করবেন।
ত/জু



