কল্পনায় নয়, বাস্তবতা গড়ে ইরান

ট্রাম্পকে ‘সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট’ বললেন রেজায়ি, ইরানের প্রতিরোধের প্রশংসায় পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির জবাবে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি ট্রাম্পকে মার্কিন ইতিহাসের ‘সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যায়িত করেন।

রেজায়ি লেখেন, একের পর এক ব্যর্থতার পরও ট্রাম্প শুধু কথা বলেই যাচ্ছেন এবং তাঁর কথা এখন নিজের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। ট্রাম্পকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “নিজের কল্পনায় আপনি প্রতিদিনই জিততে পারেন। কিন্তু বাস্তবতা তৈরি করে ইরান; ইরানের জনগণ, সেনারা এবং ক্ষেপণাস্ত্র।”

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, ইরানকে খুব দ্রুত শেষ করে দেওয়া হবে। তাঁর ভাষ্য, ইরানের শাসকগোষ্ঠী আত্মসমর্পণে প্রস্তুত এবং সাত মাস ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হবে। তাঁর পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরপরই এই বিজয় আসতে পারে।

এদিকে চলমান সংকটে ইরানের জনগণের সাহস ও প্রতিরোধের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের ২৩তম বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বলেন, পুরো বিশ্ব পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানি জাতির সাহস, বীরত্ব ও প্রতিরোধ দেখে বিস্মিত।

পুতিন আরও বলেন, ইরানের প্রশাসন, সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মধ্যে অত্যন্ত শক্তিশালী ও উচ্চপর্যায়ের নেতৃত্বের একটি দল রয়েছে। এই নেতারা নিজেদের জনগণের স্বার্থে যেকোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন