‘হু অ্যাম আই’ অ্যাকাউন্টে অরিজিৎ সিংয়ের রহস্যময় পোস্ট; রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে।
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন, তা নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়। সম্প্রতি তাঁর একটি এক্স (সাবেক টুইটার) পোস্ট ঘিরে সেই আলোচনা নতুন করে তুঙ্গে উঠেছে।
ভারতের নানা রাজনৈতিক ও সামাজিক ঘটনায় এর আগেও সরব থেকেছেন এই শিল্পী। দিল্লিতে প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছেন তিনি। নিজ দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও মত প্রকাশ করেছেন। এ ছাড়া বাংলাভাষীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনেও প্রতিবাদ জানিয়েছেন। এসব বিষয় তিনি নিজের একটি ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করেন, আর সেই সূত্র ধরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করে।
সেই অ্যাকাউন্ট থেকে দেওয়া সাম্প্রতিক একটি পোস্টই এখন আলোচনার কেন্দ্রে। ‘হু অ্যাম আই’ নামের ওই অ্যাকাউন্টে অরিজিৎ লিখেছেন, “হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান। গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।”
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই পোস্টের পর থেকেই শিল্পীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা ও প্রশ্ন শুরু হয়। অনুরাগী ও নেটিজেনদের একটি বড় অংশের মতে, বর্তমান ক্ষমতাসীনদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এটি শিল্পীর এক ধরনের বিদ্রূপাত্মক মন্তব্য। তাঁদের ধারণা, সাম্প্রতিক নির্বাচন, এর ফলাফল এবং নির্বাচন কমিশনকে ঘিরে চলমান নানা বিতর্কের প্রেক্ষাপটেই এমন বার্তা দিয়েছেন গায়ক।
দীর্ঘদিন ধরেই জল্পনা রয়েছে, অরিজিৎ সিং রাজনীতিতে যোগ দিতে পারেন। এমন সময়ে এই পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
উল্লেখ্য, ভারতীয় রাজনীতি ও সংবাদমাধ্যমে ‘গেরুয়া শিবির’ বলতে মূলত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তথা নরেন্দ্র মোদির দলকে বোঝানো হয়। দলটির পতাকা, আদর্শ ও প্রচারণায় ঐতিহ্যগতভাবে গেরুয়া রঙের প্রধান ব্যবহার থাকায় রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমে একে সংক্ষেপে ‘গেরুয়া শিবির’ বলা হয়। বর্তমানে দেশটিতে দীর্ঘ সময় ধরে শাসন করছে এই বৃহত্তম রাজনৈতিক দল।
ত/জু



