মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

তৈরি পোশাক খাতের রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও ব্যয়সাশ্রয়ী করতে মোংলা বন্দর ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও মোংলা বন্দর কর্তৃপক্ষ। গত ২১ সেপ্টেম্বর বিকেএমই এর ঢাকা কার্যালয়ে এ বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠক করে। বৈঠকে মোংলা বন্দর ব্যবহার করে নিটওয়্যার পণ্য সরাসরি বিদেশে রপ্তানির সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা হয়। দেশের প্রধান সমুদ্রবন্দরের ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে মোংলা বন্দরের ব্যবহার বাড়ানোর বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, পোশাক খাতের উদ্যোক্তারা মোংলা বন্দরকে নিয়মিত পণ্য পরিবহনের রুট হিসেবে বেছে নিলে পণ্য খালাস, সংরক্ষণ ও জাহাজীকরণে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হবে। রপ্তানিকারকরা যেন আমলাতান্ত্রিক জটিলতা বা অপারেশনাল বিলম্বের মুখোমুখি না হন, সে বিষয়েও অঙ্গীকার করা হয়েছে।

বৈঠকে বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন বিভাগের সদস্য, ট্রাফিক পরিচালক ও ডেপুটি ট্রাফিক ম্যানেজারসহ সংস্থার নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। বিকেএমইএর পক্ষ থেকে বন্দর ব্যবহার সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয় এবং একে পোশাক খাতের জন্য একটি বড় সুযোগ হিসেবে স্বাগত জানানো হয়।

মোংলা বন্দর দিয়ে নিয়মিত রপ্তানি শুরু হলে প্রচলিত বন্দরগুলোর ওপর চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে যুক্ত থাকুন