তরুণদের দক্ষতা গঠনে নতুন দৃষ্টিভঙ্গি

তরুণদের চাকরির জন্য কী করতে হবে—এই চিরাচরিত প্রশ্নের বাইরে গিয়ে বরং কীভাবে উপযুক্ত ব্যবস্থা, অংশীদারিত্ব ও শেখার সুযোগ তৈরি করলে তরুণরা নিজেদের দক্ষতা গড়ে তুলতে, ব্যবহার করতে ও প্রয়োগ করতে পারবে—এই প্রশ্নকেই কেন্দ্রে রেখে অনুষ্ঠিত হলো “ইয়ুথ স্কিলস ফর আ চেঞ্জিং ওয়ার্ল্ড” শীর্ষক আয়োজন।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) পঞ্চম আসরে অনুষ্ঠিত এই ‘লার্নিং অ্যান্ড স্কিলস ফর সাসটেইনেবল ইয়ুথ ডেভেলপমেন্ট ডায়ালগ সিরিজ’-এর যৌথ আয়োজক ছিল এসএপি (SAP) ও ওয়ার্ল্ড স্কাউটিং, যেখানে সহযোগী হিসেবে যুক্ত ছিল ওয়ার্ল্ড স্কাউট ফাউন্ডেশন।

আলোচনায় উঠে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। বক্তারা বলেন, দক্ষতা কেবল শ্রেণিকক্ষেই তৈরি হয় না—এটি গড়ে ওঠে সম্প্রদায়, তরুণ সংগঠন, স্বেচ্ছাসেবামূলক কাজ এবং অনলাইন প্ল্যাটফর্মসহ বিভিন্ন পরিসরে। একইসঙ্গে দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন সুস্পষ্ট ও সহজলভ্য পথ, যেখানে শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং সুযোগের মধ্যে যোগসূত্র তৈরি হবে।

আলোচকরা আরও বলেন, যেসব তরুণ এই ব্যবস্থার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, তাদেরই থাকা উচিত এই ব্যবস্থা নকশা ও উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ। নেতৃত্ব, সহযোগিতা, সমস্যা সমাধান ও আত্মনির্ভরশীলতার মতো মানবিক দক্ষতাগুলো মূলত বাস্তব অভিজ্ঞতা ও অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই বিকশিত হয় বলে মত দেন তারা।

আলোচনার সারসংক্ষেপে বলা হয়, চূড়ান্তভাবে প্রয়োজন এমন একটি বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম), যেখানে একজন তরুণের অর্জিত দক্ষতা তার সঙ্গেই বহন করা যাবে—শ্রেণিকক্ষ থেকে সামাজিক প্রকল্পে, স্বেচ্ছাসেবা থেকে কর্মক্ষেত্রে, এবং সবশেষে নাগরিক জীবনের বিভিন্ন স্তরে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন