বিষ দিয়ে মাছ শিকারে বন কর্মকর্তাকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে : প্রতিমন্ত্রী

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারকারী ধরা পড়লে সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তাকেও জবাবদিহির আওতায় আসতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

২৭ সেপ্টেম্বর রোববার বিকেলে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে এলাকায় বিষ দিয়ে মাছ শিকারকারী বা ‘বিষ দস্যু’ ধরা পড়বে, সেই এলাকার বন কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আসতে হবে। বিষ দিয়ে মাছ শিকারকে তিনি জঘন্য কাজ উল্লেখ করে বলেন, যারা এ অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বন্যপ্রাণী হত্যা থেকেও সবাইকে সরে আসতে হবে।

দুবলার চরের জেলেদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো ভাসমান হাসপাতাল ও ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

গ্রামীণ জনপদে আগামীতে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করা হবে বলে জানান তিনি। তাঁর মতে, ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে ব্লকের ব্যবহার বাড়াতে হবে। পলিথিন ও প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসবের কারণে মানুষ ও সুন্দরবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্নীতি করে নামাজ বা ইবাদত করলেও কোনো কাজে আসবে না।

অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী নাবিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরত জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

ফেসবুকে যুক্ত থাকুন