স্বাস্থ্যসেবায় জাপান-বাংলাদেশ নতুন সেতুবন্ধন

অসংক্রামক রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা খুঁজতে জাপান সফর করছেন বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম. এ. মুহিতের নেতৃত্বে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের এই দলটি প্রস্তাবিত “সমন্বিত অসংক্রামক রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা প্রকল্প”-এর সম্ভাব্যতা যাচাই কার্যক্রমের অংশ হিসেবে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে সফরে রয়েছে।

সফরের শুরুতেই প্রতিনিধি দল জাইকা (JICA)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মি. শোহেই হারার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে স্বাস্থ্য খাতে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারসমূহ এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সফরের পরবর্তী দিনগুলোতে প্রতিনিধি দলটি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও কোম্পানি পরিদর্শন করবে। এসব পরিদর্শনের মাধ্যমে জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করা হবে।

সফরের অংশ হিসেবে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (JETRO)-এর সঙ্গে যৌথভাবে আয়োজন করা হবে ‘বাংলাদেশ হেলথ বিজনেস সেমিনার’। এই সেমিনারে বাংলাদেশের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা খাত ও এর সম্ভাবনা সম্পর্কে জাপানের বিভিন্ন কোম্পানি ও বিশ্ববিদ্যালয়কে ধারণা দেওয়া হবে এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হবে।

প্রতিনিধি দলের ফলপ্রসূ সফর কামনা করা হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে নতুন যোগাযোগ তৈরি হবে এবং স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন