উত্তরপ্রদেশের বারাণসীর কুশিয়ারি গ্রাম থেকে গড়ে ওঠা নারীদের সামাজিক উদ্যোগ ‘গ্রিন আর্মি’ এখন গ্রামীণ সমাজে পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। সবুজ শাড়ি পরে দলবদ্ধভাবে পথে নামেন এই নারীরা। মদ্যপান, জুয়া, যৌতুক, পারিবারিক সহিংসতা ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে তাঁরা গ্রামে গ্রামে সচেতনতা তৈরি করেন। তাঁদের হাতে থাকা লাঠি মূলত আত্মরক্ষার প্রস্তুতি ও নিজেদের ঐক্যের প্রতীক।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত অনেক নারী নিজের জীবনেও নির্যাতন, দারিদ্র্য ও পারিবারিক সংকটের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। সেই অভিজ্ঞতা থেকেই অন্য কোনো নারী সমস্যায় পড়লে তাঁরা শুধু সচেতন করেই থেমে থাকেন না; প্রয়োজনে ভুক্তভোগীর পাশে দাঁড়ান এবং পরিস্থিতি গুরুতর হলে পুলিশের সহায়তা নেন।
পাশাপাশি মেয়েদের স্কুলে পাঠানো, কন্যাশিশুর জন্মকে ইতিবাচকভাবে উদযাপন এবং সেলাইসহ বিভিন্ন দক্ষতা শেখানোর মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন গ্রিন আর্মির সদস্যরা। নিজেদের লড়াইয়ের অভিজ্ঞতাকে পুঁজি করে তাঁরা এখন অন্য নারীদের আত্মবিশ্বাসী ও স্বনির্ভর হয়ে ওঠার পথ দেখাচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রামীণ নারীদের এমন সম্মিলিত উদ্যোগ সমাজে নারীর অবস্থান শক্তিশালী করার পাশাপাশি নারীবান্ধব ও সচেতন সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ত/জু



