জলবায়ু-সহনশীল নগরে তরুণদের নেতৃত্বের দাবি

আসন্ন কপ৩১ (COP31)-কে সামনে রেখে বাংলাদেশের নগরগুলোকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সক্ষম করতে তরুণদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও ন্যায্য রূপান্তরের ওপর জোর দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ‘জলবায়ু-সহনশীল নগরবিষয়ক জাতীয় সংলাপ: কপ৩১-এর জন্য সমতাভিত্তিক ও ন্যায্য রূপান্তরের অগ্রাধিকার’ শীর্ষক সংলাপে মিশন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাবনা তুলে ধরা হয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেন। মূল বক্তা হিসেবে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বক্তব্য রাখেন।

আলোচনায় বলা হয়, জলবায়ু-সহনশীল নগর গড়তে হলে নগর পরিকল্পনা, সহনশীল অবকাঠামো, জলবায়ু অর্থায়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ একসঙ্গে নিশ্চিত করতে হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার ও পরিবেশগত সুরক্ষাকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার আহ্বান জানানো হয়।

মিশন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে দেশের নগর ও তৃণমূল পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় তরুণদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে দুটি সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

প্রথমত, দেশব্যাপী ৫০ হাজার প্রশিক্ষিত যুব ক্লাইমেট ভলান্টিয়ার ফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়। এর আওতায় দেশের ৫০০টি উপজেলার প্রতিটিতে ১০০ জন করে প্রশিক্ষিত তরুণ নিয়ে ‘ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ভলান্টিয়ার কোর’ গড়ে তোলার কথা বলা হয়। এই তরুণরা স্থানীয় পরিবেশগত ও জলবায়ু দুর্যোগে তাৎক্ষণিক সাড়া দেবে এবং মাঠপর্যায়ে সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে।

দ্বিতীয়ত, সরকার ও তরুণ প্রজন্মের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির জন্য একটি ‘ন্যাশনাল ইয়ুথ প্ল্যাটফর্ম’ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। এ প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা তৃণমূলের সমস্যা, বাস্তব অভিজ্ঞতা ও সমাধানের পরামর্শ নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে পারবেন এবং টেকসই উন্নয়নে সরকারের অংশীদার হিসেবে কাজ করতে পারবেন।

সংলাপে বলা হয়, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু নীতি নয়, মাঠপর্যায়ের বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ। তরুণদের শুধু ধারণা দেওয়ার অংশীজন হিসেবে নয়, বরং পরিকল্পনা ও বাস্তবায়নের প্রত্যক্ষ অংশীদার হিসেবে সম্পৃক্ত করতে হবে।

বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০-তেও জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়া এবং নগর উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু বিষয়কে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ প্রেক্ষাপটে আয়োজকরা মনে করেন, তরুণ নেতৃত্ব ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধি কপ৩১-এ বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন