চ্যানেল আই-এর ‘সবুজে সাজাই বাংলাদেশ—বৃক্ষরোপণ কর্মসূচি’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘প্রকৃতি সংবাদ’-এর বস্তুনিষ্ঠ ও প্রভাববিস্তারী পরিবেশ প্রতিবেদনের জন্য পাঁচ জেলা প্রতিনিধিকে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। একই আয়োজনে সাতক্ষীরার ম্যানগ্রোভ প্রজেক্টে বিশেষ অবদানের জন্য ইস্টার্ন ব্যাংক পিএলসি-কে সম্মাননা দেওয়া হয়।
পরিবেশ সুরক্ষা ও সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চ্যানেল আই ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি দেশজুড়ে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সবুজায়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
‘প্রকৃতি সংবাদ’-এ প্রকাশিত গুরুত্বপূর্ণ পরিবেশবিষয়ক প্রতিবেদনের স্বীকৃতিতে পাঁচজন প্রতিনিধি সম্মাননা পান। তাঁদের প্রতিবেদনগুলো পরিবেশ সংকট, জীববৈচিত্র্য ধ্বংস, দূষণ, নদী দখল এবং টেকসই জীবিকার বিষয়গুলো তুলে ধরেছে।
গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়ল ও মো. মাছুদ পারভেজ—‘কলাগাছের সুতায় তৈরি পণ্য রপ্তানি হচ্ছে বিদেশে’।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি শ্যামল ভৌমিক—‘কুড়িগ্রামের নদীতে চলছে বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য’।
ভোলা জেলা প্রতিনিধি হারুন অর রশিদ—‘ভোলায় বায়োগ্যাসে স্বপ্ন দেখছে গ্রামীণ জনপদ’।
শরীয়তপুর জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান—‘হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প’।
নেত্রকোণা জেলা প্রতিনিধি জাহিদ হাসান—‘বেপরোয়া বাঁধ নির্মাণে মৃতপ্রায় ৫৭ নদী’ এবং ‘দখল-দূষণে ময়লার ভাগাড়ে নেত্রকোনার আড়াইশো সরকারি পুকুর’।
মাঠপর্যায়ের পরিবেশবান্ধব কার্যক্রমে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ‘সবুজে সাজাই বাংলাদেশ—বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় সাতক্ষীরায় ম্যানগ্রোভ প্রজেক্টে বিশেষ অবদানের জন্য ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-কে সম্মাননা দেওয়া হয়।
ইবিএল ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সুন্দরবন উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সাতক্ষীরা ও পার্শ্ববর্তী এলাকায় ম্যানগ্রোভ পুনরুদ্ধার, কমিউনিটি সম্পৃক্ততা এবং বিকল্প জীবিকা সহায়তার উদ্যোগ নিয়েছে। এ প্রকল্পের লক্ষ্য জীববৈচিত্র্য হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা।
‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগ জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠ পরিবেশ প্রতিবেদন এবং মাঠপর্যায়ের বাস্তব কার্যক্রমের সমন্বয় একটি টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।
ত/জু



