বাংলালিংকের মাধ্যমে বাংলাদেশে চালু স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা; উপকূল, প্রত্যন্ত এলাকা ও গভীর সমুদ্রেও যোগাযোগের সুযোগ।
মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাগুলোতেও যোগাযোগ নিশ্চিত করতে বাংলাদেশে চালু হয়েছে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা। মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তির মাধ্যমে এই সেবা দিচ্ছে স্টারলিংক। বাংলালিংক জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে এটিই প্রথম উদ্যোগ।
স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক এক্সে দেওয়া এক পোস্টে জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ এখন অতিরিক্ত সংযোগ সুবিধা পাচ্ছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকা এলাকায় এই প্রযুক্তি উপকূলীয় এলাকার বাসিন্দা, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার ও ভ্রমণকারীদের যোগাযোগের আওতায় রাখবে।
স্টারলিংক জানিয়েছে, এই সেবার মাধ্যমে গ্রাহকরা সেলুলার নেটওয়ার্কের বাইরে থেকেও বিভিন্ন অ্যাপে বার্তা পাঠাতে, অবস্থান শেয়ার করতে এবং যোগাযোগ রাখতে পারবেন।
জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলে গ্রাহকদের যোগাযোগ ধরে রাখাই এই সেবার অন্যতম উদ্দেশ্য। জেলে, সমুদ্রে কর্মরত মানুষ, ভ্রমণকারী এবং প্রত্যন্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও সেবাটি কাজে লাগতে পারে। সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন এবং বাংলালিংকের সিম থাকলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও ব্যবহারকারীরা প্রয়োজনীয় অ্যাপ ও লোকেশন সেবা ব্যবহার করতে পারবেন।
ত/জু



