সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি উল্লেখ করেন যে, জগতের কল্যাণ সাধন, অন্যায়ের বিনাশ এবং সত্য ও সুন্দরের সুরক্ষাই দুর্গাপূজার প্রধান চেতনা।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, প্রতিটি ধর্মের মূলে রয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। মানবতার সেবাই ধর্মীয় শিক্ষার মূল সুর। সমাজে স্থায়ী শান্তি নিশ্চিত করতে নিজস্ব ধর্মীয় নিয়মকানুন ও সংস্কৃতি চর্চার পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা অপরিহার্য।

বাংলাদেশের চিরায়ত সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশে আবহমানকাল ধরেই সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্ত উৎসবে অংশ নিয়ে আসছে। এই সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই একজন সামাজিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের মূল শক্তি।

তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ছাত্র-জনতার অগণিত ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনমুক্ত হয়ে দেশ আজ নতুন করে গণতান্ত্রিক পুনর্গঠনের পথে হাঁটছে। দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম মূল লক্ষ্য।

সবশেষে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।” দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়ে তিনি আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন