জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী আইরিন জুবাইদা খান।

শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৮ জুলাই আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন।

আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ পদে দায়িত্ব পালনকারী প্রথম নারী তিনি।

মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে আসছেন আইরিন খান। মানবাধিকারের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৬ সালে সিডনি শান্তি পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।

২০০১ সাল থেকে প্রায় আট বছর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন খান সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।

ফেসবুকে যুক্ত থাকুন