জলবায়ু পরিবর্তনজনিত বন্যা ও তাপদাহের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে গাইবান্ধায় সরকারি স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সিভিল সার্জন জনাব ডা. মো. রফিকুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সরকারি স্বাস্থ্যকর্মীদের বন্যা ও তাপদাহজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা চিহ্নিতকরণ, প্রাথমিক চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। জলবায়ু-সংবেদনশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে করণীয় বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা Concern Worldwide-এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) “ZCRP” শীর্ষক প্রকল্পটি গাইবান্ধা ও লালমনিরহাট জেলায় বাস্তবায়ন করছে। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী ও স্বাস্থ্যব্যবস্থাকে সক্ষম করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের প্রশিক্ষণ তাদের মাঠপর্যায়ে কাজে যথেষ্ট সহায়ক হবে এবং ভবিষ্যতে দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা প্রদানে তারা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন।
ত/জু



