ফুলছড়িতে মানব পাচার প্রতিরোধে নতুন উদ্যোগ

জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে মানব পাচার প্রতিরোধে সমাজের সকল স্তরের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, জার্মানির AWO International ও BMZ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ‘PRIME’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার মোট ৮টি ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মূল লক্ষ্য মানব পাচার প্রতিরোধ, জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা।

ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীরা মানব পাচারের ঝুঁকি চিহ্নিতকরণ, প্রতিরোধমূলক পদক্ষেপ এবং কমিটির দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে মানব পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন