বরগুনায় নারীদের ৮ দফা দাবি

নারীরা একসাথে নেতৃত্ব দিচ্ছেন পরিবর্তনের—এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় সম্প্রতি ঘটে গেল এক তাৎপর্যপূর্ণ ঘটনা। উইমেন লিড ইন ইমার্জেন্সিস (WLiE) প্রকল্পের আওতায় জেলার শত শত নারী একত্রিত হয়ে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরলেন জেলা প্রশাসকের কাছে।

গত ২০ সেপ্টেম্বর বরগুনা জেলার ছোটবগী, পাথরঘাটা সদর ও আইলাপাতাকাটা ইউনিয়নের ২০টি উইমেন লিড ইন ইমার্জেন্সিস (WLiE) গ্রুপের প্রায় ২৪০ জন নারী প্রতিনিধি একত্রিত হয়ে বরগুনার জেলা প্রশাসকের কাছে আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে নারীদের নিজেদের চিহ্নিত গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে নারীর নিরাপত্তা, অধিকার, জীবিকা, বিভিন্ন সেবা প্রাপ্তির সুযোগ এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি।

উল্লেখ্য, উইমেন লিড ইন ইমার্জেন্সিস (WLiE) প্রকল্পটি AFD (Agence Française de Développement)-এর অর্থায়নে পরিচালিত, যা যৌথভাবে বাস্তবায়ন করছে কেয়ার বাংলাদেশ ও জাগো নারী, এবং যাতে সহযোগিতা করছে কেয়ার ফ্রান্স ও কেয়ার ইন্টারন্যাশনাল ইউকে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ সম্মিলিত প্রচেষ্টার শক্তিকে তুলে ধরে। প্রকল্পের মাধ্যমে নারীরা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজেরাই চিহ্নিত করছেন, অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সংগঠিত হচ্ছেন এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে নিজ নিজ কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নারীনেতৃত্বাধীন উদ্যোগ স্থানীয় পর্যায়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন