রোহিঙ্গা শিবিরে নিরাপদ আশ্রয়ের উদ্যোগ

প্রতিটি শক্তিশালী আশ্রয়স্থল নিরাপত্তা, মর্যাদা ও সহনশীলতার দিকে একটি অগ্রণী পদক্ষেপ। এই লক্ষ্যকে সামনে রেখে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) সহায়তায় কেয়ার বাংলাদেশ সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প ১৩, ১৫ ও ১৬-এ “শেল্টার আপগ্রেডিং ম্যাটেরিয়ালস” (এসইউএম) বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ৩ হাজার ঝুঁকিপূর্ণ পরিবারের কাছে বাঁশ, ত্রিপল, দড়ি ও তালাসহ প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী পৌঁছে দেওয়া। এসব সামগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারগুলোকে ঘরবাড়ি নিরাপদভাবে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য কারিগরি প্রশিক্ষণ ও দিকনির্দেশনাও প্রদান করা হয়, যাতে তারা নিজেরাই ভবিষ্যতে প্রয়োজনীয় মেরামতকাজ চালিয়ে যেতে সক্ষম হন।

এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কেয়ার বাংলাদেশের নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীও রয়েছেন। পাশাপাশি “ক্যাশ ফর ওয়ার্ক” (সিএফডব্লিউ) কর্মসূচির আওতায় নিয়োজিত স্বেচ্ছাসেবীরাও এই কাজে অসামান্য অবদান রেখেছেন। তারা ভারী নির্মাণসামগ্রী পরিবহনে প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং নারীদের বিশেষভাবে সহায়তা করেছেন, যা এই কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলেছে।

সংশ্লিষ্টদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু আশ্রয়স্থলের ভৌত কাঠামো মজবুত করছে না, বরং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তিরও পথ তৈরি করছে। সম্মিলিত এই প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগ-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য একটি নিরাপদ ও মানবিক বসবাসের পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন