হালুয়াঘাটে প্রান্তিক গারো জনগোষ্ঠীর দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বেলা ২টায় হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের লামুকটা গ্রামের কাজলে মোড়ে “কমিউনিটি ম্যানেজড লাইভলিহুডস অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম-২” (সিএমএলআরপি-২) প্রকল্পের আওতায় একটি মোবাইল ল্যান্ড ক্লিনিকের আয়োজন করে কারিতাস ময়মনসিংহ অঞ্চল।
কারিতাস অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান এইড-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পের মূল লক্ষ্য প্রান্তিক আদিবাসী গারো সম্প্রদায়ের সদস্যদের দীর্ঘমেয়াদি ভূমি সমস্যার সমাধানে সহায়তা প্রদান করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ)-এর সভাপতি সুজা চিসিম, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা হেড অ্যাসিস্ট্যান্ট মো. মোশাররফ হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস হালুয়াঘাট উপজেলার প্রকল্প পর্যবেক্ষণ কমিটি (পিএমসি-সিএমএলআরপি)-এর সভাপতি মাস্টার নিবেশ রিছিল।
এই মোবাইল ল্যান্ড ক্লিনিকের মাধ্যমে গাজীরভিটা ইউনিয়নের প্রায় ৫০ জন প্রান্তিক আদিবাসী গারো ব্যক্তি, যারা বিভিন্ন ভূমি সমস্যায় জর্জরিত ছিলেন, তারা তাদের সমস্যা সমাধানের বিভিন্ন উপায় সম্পর্কে পরামর্শ ও দিকনির্দেশনা লাভ করেন।
সংশ্লিষ্টদের মতে, এই ধরনের উদ্যোগ আদিবাসী সম্প্রদায়ের ভূমি অধিকার সুরক্ষায় এবং প্রশাসনিক সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজকরা।
ত/জু



