তরুণদের নেতৃত্ব গড়ছে অ্যাকশনএইড

তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বগুণ ও জীবনদক্ষতা বিকাশের লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ (ActionAid Bangladesh)। রাজধানীর নন্দীপাড়া ও গোড়ান এলাকায় আয়োজিত “ইয়ুথ লিডারশিপ অ্যান্ড লাইফ স্কিল ট্রেনিং” শীর্ষক এ প্রশিক্ষণে অংশ নেন স্থানীয় তরুণ-তরুণীরা।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণমূলক আলোচনা, দলীয় কর্মশালা, ব্যবহারিক অনুশীলন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তরুণদের নিজস্ব সক্ষমতা ও নেতৃত্বের সম্ভাবনা সম্পর্কে সচেতন করে তোলা হয়। পাশাপাশি বাস্তব জীবনে এসব দক্ষতা প্রয়োগের সুযোগও তৈরি করে দেওয়া হয় অংশগ্রহণকারীদের জন্য।

প্রশিক্ষণে উপস্থিত তরুণরা নিজেদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ এবং কমিউনিটিতে বিরাজমান নানা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। এসব সমস্যা সমাধানে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে তরুণ সমাজের সম্ভাব্য ভূমিকা নিয়েও তারা নিজেদের মতামত তুলে ধরেন।

আয়োজকদের মতে, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তরুণদের আত্মবিশ্বাস ও নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা কমিউনিটির সমস্যা চিহ্নিতকরণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সমস্যা সমাধানের বিভিন্ন উদ্যোগে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে কেবল ব্যক্তিগত দক্ষতা বিকাশেই নয়, বরং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন