৪৮ পরিবারের নতুন জীবিকার আলো

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের আয়বর্ধক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার তিনটি উপজেলায় ৪৮টি পরিবারের মাঝে অ-কৃষি ভিত্তিক (Off-Farm) জীবিকায়ন সহায়তা প্রদান করা হয়েছে। ইএসডিও-থ্রাইভ প্রকল্পের আয়োজনে এবং সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা HEKS/EPER-এর সহযোগিতায় এই দ্বিতীয় পর্যায়ের সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আয়োজিত এই বিতরণ কর্মসূচিতে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৪ জন, পীরগঞ্জ উপজেলার ১৮ জন এবং বোচাগঞ্জ উপজেলার ৬ জনসহ মোট ৪৮ জন প্রকল্প অংশগ্রহণকারীর হাতে সর্বমোট ২ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার সহায়তা তুলে দেওয়া হয়।

জানা যায়, সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো নিজ নিজ দক্ষতা, অভিজ্ঞতা ও স্থানীয় বাজারের চাহিদা বিবেচনায় বিভিন্ন অ-কৃষি জীবিকায় যুক্ত রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২২টি পরিবার বাঁশজাত পণ্য তৈরির সঙ্গে সম্পৃক্ত। এছাড়া ৬টি পরিবার মৃৎশিল্প বা মাটির কাজ, ৫টি পরিবার মৎস্য ব্যবসা, ৩টি করে পরিবার মুদি দোকান, চায়ের দোকান ও মুচির পেশায়, এবং বাকিরা সেলুন, দর্জি ও কাপড়ের ব্যবসা, চটপটি-ফুচকা, পিঠা এবং শুঁটকি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ ক্রয়ে পরামর্শ, ব্যবসা পরিচালনার কৌশল এবং আয়বর্ধক কার্যক্রম আরও কার্যকর করে তোলার বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন প্রকল্প সংশ্লিষ্টরা।

আয়োজকদের ভাষ্যমতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রকল্পভুক্ত পরিবারগুলোকে নিজস্ব উদ্যোগে আয় বৃদ্ধির সুযোগ করে দেওয়া, যা দীর্ঘমেয়াদে তাদের টেকসই জীবিকা নির্বাহ ও আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। এ ধরনের কার্যক্রম স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে যেমন ভূমিকা রাখবে, তেমনি পরিবারগুলোর মাসিক আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, “টেকসই জীবিকার পথে, পরিবর্তনের প্রত্যয়ে” — এই স্লোগান নিয়েই কাজ করে যাচ্ছে ইএসডিও-থ্রাইভ প্রকল্প।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন