পরিবার পরিকল্পনায় প্রশিক্ষিত ঢাকার স্বাস্থ্যকর্মী

বাংলাদেশে পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সরকারের বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থা ও মাঠপর্যায়ের জনবলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে ‘দ্য চ্যালেঞ্জ ইনিশিয়েটিভ’-এর অংশীদারিত্বে বিশ্ব গর্ভনিরোধ দিবস উপলক্ষে সম্প্রতি দুই দিনব্যাপী একটি মাস্টার ট্রেনিং অব ট্রেইনার্স (এমটিওটি) কর্মসূচির আয়োজন করা হয়।

এই প্রশিক্ষণে অংশ নেন মোট ১৩৮ জন স্বাস্থ্যকর্মী, যাদের মধ্যে ছিলেন মেডিকেল অফিসার, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ও সহকারী, প্যারামেডিক্স, কাউন্সেলর, মিডওয়াইফ, নার্স, সুপারভাইজার এবং হাসপাতাল কর্মী। উল্লেখযোগ্য দিক হলো, এই প্রথমবারের মতো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মী ও ভ্যাকসিনেটরদেরও পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হয়। এর মাধ্যমে একটি নিয়মিত টিকাদান কার্যক্রম কেন্দ্রকে সঠিক তথ্য প্রদান, কাউন্সেলিং ও রেফারেলের সুযোগ হিসেবে কাজে লাগানোর পথ তৈরি হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কারিগরি সেশন, বাস্তবভিত্তিক দৃশ্যকল্প, রোল প্লে এবং আলোচনার মাধ্যমে গর্ভনিরোধক পদ্ধতি, কাউন্সেলিং কৌশল, পার্শ্বপ্রতিক্রিয়া, প্রচলিত ভুল ধারণা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, সেবার মান এবং রেফারেল প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।

আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ কর্মসূচি নগর পর্যায়ে মালিকানার ধারণাকে পরিকল্পনার স্তর থেকে বাস্তবায়নের স্তরে নিয়ে যাওয়ার একটি দৃষ্টান্ত। ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের যেসব সদস্য এই কর্মসূচি প্রণয়নে যুক্ত ছিলেন, তারাই নিজ প্রতিষ্ঠানের অন্যান্য সহকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান সরকারি ব্যবস্থা, মাঠপর্যায়ের সক্ষমতা এবং স্থানীয় নেতৃত্বে বিনিয়োগের মাধ্যমেই টেকসই পরিবর্তনের ভিত্তি তৈরি করা সম্ভব। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্যেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন