স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজস্বখাতভুক্ত সহকারী প্রসিকিউটর পদে মোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী প্রসিকিউটর পদটি ১১তম গ্রেডের। এ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মাসিক ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না; এসএসসি বা সমমান সনদে উল্লেখিত জন্মতারিখই বিবেচনা করা হবে। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এছাড়া সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে dnc.teletalk.com.bdওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ আগস্ট ২০২৬ সকাল ১০টায় এবং চলবে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফরম পূরণ শেষে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্রের একটি কপি সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন ফি হিসেবে সাধারণ প্রার্থীদের দিতে হবে ১৬৮ টাকা, যার মধ্যে পরীক্ষা ফি ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকা। তবে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা—পরীক্ষা ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা। আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে, নতুবা আবেদন গ্রহণযোগ্য হবে না।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে; প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হতে পারে। পরীক্ষার তারিখ, সময় ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য এসএমএস এবং অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বর ৫৮.০২.০০০০.০০.০০৬.১২.০০২.২৬-৩১৯৮। বিস্তারিত তথ্যের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশ বিভাগ এবং টেলিটকের আবেদন পোর্টাল অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ত/জু



