মিরপুরে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকার মিরপুর ১ নম্বরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এর কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা অর্থের বিনিময়ে ওই হামলায় অংশ নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

গত শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজ বিশ্লেষণ করা হলেও সেখানে হামলাকারীদের চেহারা স্পষ্ট ছিল না। তবে ঘটনার তদন্তে নেমে সম্পৃক্ততা পাওয়ায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি নিয়ে মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডার কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। যাওয়ার আগে জমির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’-এর একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

সংস্থাটির অভিযোগ, হামলার সময় তাদের কার্যালয়ের বিভিন্ন সরঞ্জামসহ টিকাদানের বিপুল পরিমাণ সামগ্রী লুটপাট করা হয়েছে।

এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করেছেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দীর্ঘ ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি বিনা মূল্যে গরিব ও অসহায় মা-শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

ফেসবুকে যুক্ত থাকুন