দুর্নীতি, আর্থিক অনিয়ম ও চরম অব্যবস্থাপনার প্রমাণ মেলায় বাংলাদেশের অন্যতম বেসরকারি সংস্থা ‘উদ্দীপন’-এর পরিচালনা পর্ষদ বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর।
একইসঙ্গে সংস্থাটির দৈনন্দিন পরিচালনা ও নতুন কমিটি গঠনের জন্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমানকে প্রধান করে একটি তত্ত্বাবধায়কমণ্ডলী নিয়োগ দেওয়া হয়েছে।
গত রোববার সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
যেভাবে তদন্তের শুরু
উদ্দীপনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এইচ এম আফজাল এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক (সিইও) সৈয়দ মনির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে গত ১৫ই জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় তদন্ত শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ৭ই জুলাই সমাজকল্যাণ মন্ত্রণালয় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ১৪ই জুলাই কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
অভিযোগের সত্যতা মেলার পর গত ২০শে আগস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয় বর্তমান পর্ষদ বরখাস্ত এবং সংস্থাটির প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা অধ্যাদেশের ৯(১) ও ৯(২) ধারা প্রয়োগ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন কমিটির দায়িত্ব
সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত এই তত্ত্বাবধায়কমণ্ডলীকে সংস্থার দায়িত্বভার গ্রহণ করে আগামী ৯০ দিনের মধ্যে অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করতে হবে।
নির্বাচন শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে তাদের। এছাড়া দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে কাজের অগ্রগতি প্রতিবেদন সমাজসেবা অধিদপ্তরে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্দীপন কী নিয়ে কাজ করে?
রাজধানীর আদাবরে অবস্থিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘উদ্দীপন’ ১৯৮৬ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়ে তাদের কার্যক্রম শুরু করে।
দেশের প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে ঋণ সহায়তা প্রদান সংস্থাটির অন্যতম প্রধান কাজ।



